গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শনিবার বিকেলে কারখানাটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে আরো তিনটি ইউনিট ঘটনাস্থানে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে যান। শ্রমিকেরা কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন.
