মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদককারবারির ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অপু (২৫) নামে এক যুবককে আটক করেছে। সে হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশপুর গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে শালিখা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদককারবারিরা সংগঠিত হয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এক মাদক ব্যবসায়ী এএসআই রাকিবুলকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গিয়ে আমাদের থানার এক এএসআই আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রধান হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
