
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
আয়েশা আক্তার
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। একই সঙ্গে পূজামণ্ডপগুলো পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে নিজের কার্যালয়ে ‘সনাতনী সমাজ, কুমিল্লা’র উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, “যার যখন, যেখানে কোনো সমস্যা মনে হবে, তাৎক্ষণিক আমাকে ফোন দেবেন। আমি যত কাজেই থাকি না কেন, ঘটনাস্থলে পৌঁছে যাব। আমি প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করব।”
তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ বজায় রাখতে এবং আয়োজকদের পাশে থাকতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর কমিটির সভাপতি অমল চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি অচিন্ত্য দাস টিটু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক পিঙ্কু চন্দ্র, সহসভাপতি দিলীপ নাথ কানাই, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু ঘোষ ও আশিস দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাসসহ সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি এবং উৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় শতাধিক পূজামণ্ডপের প্রতিনিধিদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও উৎসব উদযাপনে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সনাতনী নেতৃবৃন্দ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি
