বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার কমিশন সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তার দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের প্রশংসা করেন কমিশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, মাসুমা আফরীন দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সফল ও গৌরবময় কর্মজীবনের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধ অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কমিশনের সদস্যরা এবং সভাপতি হিসেবে কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান তাঁদের বক্তব্যে মাসুমা আফরীনের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে দায়িত্ব গ্রহণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে মাসুমা আফরীন কমিশন ও কমিশন সচিবালয়ের কার্যক্রম দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানের প্রতি তাঁর অবদান, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পেশাগত জীবনের ইতিবাচক দৃষ্টান্ত দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, মূল্যবোধ ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে মাসুমা আফরীন কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও শুভকামনা পেয়েছেন, যা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সততার সঙ্গে কাজ করলে সময় তার প্রতিদান দেবে।’ এ সময় তিনি কমিশন ও কমিশন সচিবালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও কমিশন সচিবালয়ের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে কমিশনের সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
