বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে ঘিরে ইন্ডাস্ট্রিতে প্রচলিত রয়েছে নানা গল্প। তার অভিনয়, সংলাপ বলার ধরন এবং ব্যক্তিত্ব নিয়ে সহকর্মীদের স্মৃতিচারণেও উঠে আসে নানা অজানা ঘটনা। এবার অভিনেতা কামলেশ সাওয়ান্তের মুখে শোনা গেল অমিতাভ বচ্চনকে ঘিরে নানার একটি মজার গল্প। কথিত আছে, অমিতাভের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের সময় বিগ বি’র চেয়ে মাত্র ১ টাকা বেশি পারিশ্রমিক চেয়েছিলেন নানা পাটেকর!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা পটেকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তার অভিনয়জীবনের নানা দিক নিয়ে কথা বলেন কামলেশ সাওয়ান্ত। তিনি জানান, নানার সঙ্গে একটি সিনেমায় কাজ করলেও দুর্ভাগ্যবশত একই দৃশ্যে অভিনয়ের সুযোগ হয়নি তার। তবে এই অভিনেতাকে কাছ থেকে কাজ করতে দেখেছেন এবং তাকে ঘিরে ইন্ডাস্ট্রিতে প্রচলিত অনেক গল্প শুনেছেন।
কামলেশের ভাষ্য অনুযায়ী, অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের সময় নানা নাকি বলেছিলেন, বিগ বি’র সঙ্গে কাজ করলে তার পারিশ্রমিক হতে হবে অমিতাভের চেয়ে ১ টাকা বেশি। সেই গল্প অনুযায়ী, অমিতাভ পেয়েছিলেন ১ কোটি টাকা, আর নানা পাটেকরের পারিশ্রমিক ছিল ১ কোটি ১ টাকা।
তবে ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত নন কামলেশ নিজেও। তার দাবি, এটি ইন্ডাস্ট্রিতে প্রচলিত একটি গল্প। ফলে পারিশ্রমিক নিয়ে এমন শর্ত সত্যিই দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যায় না। ১৯৯৯ সালে মেহুল কুমার পরিচালিত ‘কোহরাম’ সিনেমায় প্রথম ও শেষবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন ও নানা পটেকর।
সাক্ষাৎকারে নানার অভিনয়শৈলী নিয়েও কথা বলেন কামলেশ। তার মতে, হিন্দি সিনেমায় সংলাপের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে নানা পটেকরের অবদান উল্লেখযোগ্য। একসময় গান ও নাচের ওপর নির্ভরশীল সিনেমার পাশাপাশি সংলাপনির্ভর অভিনয়ও দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। আর এ ক্ষেত্রে নানার সংলাপ আর অভিনয় পরিবেশনা দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।
কামলেশ বলেন, সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে নানার সংলাপ শুনতে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যেত। গণেশ টকিজ ও জয় হিন্দ টকিজের মতো প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া তিনি নিজেই দেখেছেন। অনেকে শুধু তার সংলাপ শোনার জন্য বারবার সিনেমা দেখতে আসতেন।
