ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ সাতজন ও সিটিটিসি বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইলফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা, একটি অটোরিকশা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
