মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাঙ্গালা মুক্তা সংঘ মাঠে আয়োজিত এ খেলায় আমতলী একতা যুব সংঘ এক গোলে জয় লাভ করে।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে স্থানীয় উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাঙ্গালা মুক্তা সংঘের সভাপতি মো. মিজানুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন সিরাজুল ইসলাম নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা কৃষক দলের সভাপতি আহমেদ আলী ভূঁইয়া। এ ছাড়া পয়লা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মইজুদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক আল আমিন দবির ও ময়নাল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আমতলী একতা যুব সংঘ ও সিঞ্জুরি ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এক গোলের ব্যবধানে জয় পায় আমতলী একতা যুব সংঘ।
আয়োজক ও উপস্থিত বক্তারা বলেন, ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এ স্লোগানকে সামনে রেখে তরুণদের মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।
এই বাংলা/এমএস
