অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার জন্য উদ্যোগ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা জানান, শুল্ক কমানোর বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাবনা রয়েছে চুক্তি স্বাক্ষরের আগেই এ বিষয়ে অগ্রগতি আসতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া পদক্ষেপগুলোর ফলে শুল্ক হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
এদিকে, সংবাদ সম্মেলনে জানানো হয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো নির্ধারিত তারিখ এখনো নেই। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষ দিকে চুক্তি হতে পারে। ইতিমধ্যে চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR)।
