এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ ( এমসি) কলেজের ‘বড়বাড়ি’খ্যাত রসায়ন বিভাগে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১০০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
এ ছাড়া উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. নীলুফার খানম, কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারুক, শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্ররাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নবীনদের ফুলেল শুভেচ্ছা, মানপত্র পাঠ, অনুভূতি প্রকাশ ও উপহার বিতরণের মধ্য দিয়ে এগিয়ে যায় আয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, জ্ঞান অন্বেষণ ও তা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী জানুয়ারিতে বিভাগের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি চলছে।
বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান কবীরের সভাপতিত্বে আনুষ্ঠানিক পর্ব শেষে কেমিস্ট্রি ক্লাবের আয়োজনে কবিতা, গান, নৃত্য ও কমেডি পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীনবরণ ২০২৬-এর সমাপ্তি ঘটে।
The post এমসি কলেজের রসায়ন বিভাগে শততম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত appeared first on সিলেটের ডাক.
