রাজবাড়ী: রাজবাড়ীতে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট-সংলগ্ন ঢাকা-কুষ্টিয়া জাতীয় মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল হাসান প্রিন্স রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি বড়ো চালান নিয়ে গোল্ডেন লাইন পরিবহণের একটি বাসে এক ব্যক্তি পাটুরিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে খানখানাপুর রেলগেট এলাকায় জাবেদের চায়ের দোকানের সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
পরে ঢাকা মেট্রো-ব-১৪-৫৮২৩ নম্বরের গোল্ডেন লাইন পরিবহণের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ডি-২ আসনে বসে থাকা নাজমুল হাসান প্রিন্সের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তার কাঁধে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে ৪৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা মোট ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৮৮৯ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবা কিনে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (গ) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
