বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি সাজে। গাঢ় গোলাপি শাড়ি, নীল ব্লাউজ ও সোনালি গয়নায় দুর্গাপূজার উৎসবে অংশ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক রঙের সমন্বয়ে তাঁর সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীর উদ্যাপনে মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে যান আলিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁর পোশাক ও সাজসজ্জাও ছিল আলোচনায়।
এদিন আলিয়ার পরনে ছিল উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের শাড়ি। শাড়িতে সোনালি গোটাপট্টির কাজ তাঁর সাজে এনেছে ঐতিহ্যবাহী আভিজাত্য। বাঙালি কায়দায় শাড়ি পরেছিলেন অভিনেত্রী। কাঁধে সাজানো আঁচলে ফুটে উঠেছিল শাড়ির নকশা ও ব্লাউজের সৌন্দর্য।
গোলাপি শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করে ফিরোজা-নীল ব্লাউজ বেছে নেন আলিয়া। ব্লাউজের গোলাকার গলার নকশা ও ছোট পাফ স্লিভ তাঁর সাজে যোগ করে ভিন্নমাত্রা। পেছনের সোনালি কারুকাজও ছিল উল্লেখযোগ্য।
শাড়ির সঙ্গে সোনালি ঝুমকা, হাতে একাধিক সোনালি চুড়ি ও আঙুলে নকশাদার আংটি পরেছিলেন অভিনেত্রী। কানের গয়নার সঙ্গে মানানসই ইয়ার চেইন তাঁর সাজে যোগ করে বাড়তি আকর্ষণ।
চুলে মাঝখানে সিঁথি করে পরিপাটি খোঁপা বেঁধেছিলেন আলিয়া। খোঁপায় ছিল রঙিন ফুলের সাজ। কপালে ছোট টিপ, হালকা চোখের মেকআপ, স্বাভাবিক ত্বকের সাজ ও মৃদু রঙের লিপস্টিকে পূর্ণতা পায় তাঁর উৎসবের সাজ।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমএম/
