আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে আইন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে যৌথ উদ্যোগে পরিচালিত ‘AGO–UNDP Internship Programme’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে আয়োজিত ‘Convocation & Orientation’ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, আগামী দিনে আইন পেশার অন্যতম বড় চ্যালেঞ্জ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামের বাইরে সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনটি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন পেশায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো আইনজীবী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বার কাউন্সিল তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। আইন পেশা কেবল জীবিকা নির্বাহের মাধ্যম নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিআলো/শিলি