শীতের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়াশ্রম নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় পাখির বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। পাখির নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পাখির স্বাভাবিক বিচরণ ও অনুকূল পরিবেশ বজায় রাখতে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পাখিদের ভয়ভীতি প্রদর্শন এবং জলাশয়ে প্লাস্টিকের বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য ফেলতেও নিষেধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অতিথি পাখির নিরাপদ আবাস নিশ্চিত করতে প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি সবার দায়িত্বশীল আচরণ জরুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিযায়ী পাখির জন্য নিরাপদ ও বাসযোগ্য রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
