মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
আমায় খুঁজো
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
২০ অক্টোবর ২০২৬
দুর্গাপুজোর খুশির হাওয়া মেঘের কলরোলে,
কাশেরবনে দুলিয়ে আবেশ রঙের খেলা দোলে।
গোমরা মুখের সেই ছেলেটা চোখের কোলে জল,
পুজোর হাওয়ায় মাতিয়ে দিতে তাকে ডাকি চল।
ফুটের পাশে আদুল গায়ে কাটছে যাদের বেলা,
আয়না তাদের আদর করে ভোলাই অবহেলা।
কিসের পুজো,কিসের খুশি,না মিললে একসাথে,
তবেই মায়ের খুশির পুজো হাত ধরা থাক হাতে।
পুজোয় পিন্টু,গোলাম,রুবেল ঘুরবে মজা করে,
ভাই আমিও একা থাকব নাকি বদ্ধ হয়ে ঘরে।
সবার খুশি সবার হাসি মিললে সফল পুজো,
সবহারানো কচি মুখের পাশেই আমি খুঁজো।
