সৌদি আরবের ওপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা কিংডম সেন্টারের সব অফিসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্ভাব্য হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনে হুতিবিরোধী জোটের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, হুতিদের সৌদি আরব ও দেশটির ইয়েমেনি মিত্রদের ওপর হামলা চালাতে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরান। প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সহায়তায় হুতিরা সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে। তবে তেহরান ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।
রোববার কিংডম সেন্টারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলে ভবনটির ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোকে অফিসে না এসে বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়। ৯৯ তলাবিশিষ্ট ভবনটির নিচতলার বিপণিবিতান অবশ্য খোলা রয়েছে। হুতিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন দেশটির বিমানবন্দরগুলোয় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের হামলা, আকাশসীমা বন্ধ এবং উড়োজাহাজ চলাচলে বিঘেœর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
