ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগে সাতটি নৌযানে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী বৃহস্পতিবার জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি নৌযানকে বুধবার তাদের বাহিনী শনাক্ত করে। এরপর সেগুলোতে একই সময়ে হামলা চালানো হয়, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। আইআরজিসি আরো জানায়, হরমুজ প্রণালির পশ্চিমে আরো তিনটি নৌযান মাইন বিস্ফোরণের কবলে পড়েছে।
বিজ্ঞাপন
মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে আইআরজিসি জানায়, উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজগুলো অননুমোদিত পথ দিয়ে চলাচল করায় সামুদ্রিক দুর্ঘটনা বাড়ছে। গত ৯ অক্টোবরও নিষিদ্ধ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হরমুজ প্রণালির বাইরেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ এবং ইরানের আস্থা পুনরুদ্ধারে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।
সূত্র: জিও নিউজ
আরএ
