চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের ছয় বছর বয়সী এক শিশুর নিথর দেহ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপেজলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইনের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন।ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় মাইকিং ও করা হয়।
কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় রাতে আনোয়ারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুটি সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
