শেয়ারবাজারে চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই করা ও অনিষ্পন্ন দাবির বিপরীতে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে এ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ব্রোকারেজ হাউস চারটি হলো বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের বিধান অনুসারে যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে প্রত্যেক বিনিয়োগকারী সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এমএমএইচ/জেডএস
