আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, নিয়ত বা অন্তরের সংকল্পের ওপরই ইবাদতের প্রকৃত মূল্য ও কবুলিয়ত নির্ভর করে। নিয়ত খাঁটি ও একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা ও রুহানি উপকারিতা অর্জন সম্ভব নয়।
বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মিরকুন্ডী দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া কমপ্লেক্স ও ডা. ইয়াসির হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসায় ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে আয়োজিত ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরকুন্ডী কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, যেকোনো নেক আমলের প্রথম ও প্রধান শর্ত হলো ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন, আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। ইবাদতে লোকদেখানো মনোভাব, দুনিয়াবি নাম-যশের আকাঙ্ক্ষা কিংবা অহংকার প্রবেশ করলে মানুষ ইবাদতের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষ আমলের বাহ্যিক রূপের প্রতি যতটা মনোযোগী, অন্তরের বিশুদ্ধতার প্রতি ততটা যত্নবান নয়। হিংসা, অহংকার ও লোকদেখানো মনোভাব থেকে অন্তরকে মুক্ত রাখতে না পারলে ইবাদত কেবল প্রথাগত অনুশীলনে পরিণত হয়। তাই যেকোনো ভালো কাজ শুরুর আগে নিয়তকে বিশুদ্ধ করা জরুরি।
বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যরা।
মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহর হেদায়েত ও ঐক্য এবং দেশ ও জাতির সার্বিক শান্তি-কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব কেবলা।
The post নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব appeared first on ভোরের চেতনা.
