বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অনলাইনে পড়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও পেশাজীবীরা। আর্ট ও ডিজাইন, ডেটা সায়েন্স, ব্যবসা, কম্পিউটার সায়েন্সসহ মোট ১৩টি বিষয়ে এসব কোর্স করা যাবে। নিজের সুবিধামতো সময়ে কোর্স সম্পন্ন করার সুযোগ থাকায় চাকরিপ্রার্থী ও কর্মজীবীরাও দক্ষতা বাড়াতে পারবেন।
অপরচুনিটি সার্কেলের তথ্য অনুযায়ী, এসব কোর্সে অংশগ্রহণের জন্য বয়স বা লিঙ্গের নির্দিষ্ট শর্ত নেই। আগ্রহীরা একই সময়ে একাধিক কোর্সেও ভর্তি হতে পারবেন।
যেসব বিষয়ে কোর্স করা যাবে
হার্ভার্ডের অনলাইন কোর্সে ১৩টি বিষয় রয়েছে। এগুলো হলো—
১. আর্ট ও ডিজাইন,
২. ডেটা সায়েন্স,
৩. পুষ্টিবিজ্ঞান,
৪. ব্যবসা,
৫. কম্পিউটার সায়েন্স,
৬. শিক্ষা ও শিক্ষকতা,
৭. সামাজিক বিজ্ঞান,
৮. স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান,
৯. মানবিক,
১০. গণিত,
১১. তথ্যপ্রযুক্তি,
১২. প্রোগ্রামিং এবং বিজ্ঞান।
১৩. আইইএলটিএস বা টোফেল লাগবে?
সাধারণভাবে এসব কোর্সে ভর্তির জন্য আইইএলটিএস বা টোফেল স্কোর বাধ্যতামূলক নয়। তবে অধিকাংশ কোর্সের পাঠ্যবস্তু ইংরেজিতে হওয়ায় ইংরেজিতে পড়ার সক্ষমতা থাকা প্রয়োজন।
কোর্স ফি ও সনদ
কোর্সগুলো বিনা মূল্যে করার সুযোগ রয়েছে। তবে যাচাইকৃত বা ভেরিফায়েড সার্টিফিকেট পেতে আলাদা ফি দিতে হতে পারে। সনদ পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কোর্সের শর্তের ওপর নির্ভর করবে।
যেভাবে আবেদন করবেন
কোর্সে অংশ নিতে যেতে হবে এডএক্স (edX) প্ল্যাটফর্মে। সেখানে পছন্দের কোর্স বেছে নিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে অথবা আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করতে হবে। এরপর কোর্সে এনরোল করেই শুরু করা যাবে পড়াশোনা।
কোর্সভেদে সময়কাল, ক্লাসের ধরন, অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন ও সনদ পাওয়ার শর্ত আলাদা হতে পারে। তাই ভর্তির আগে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়া প্রয়োজন। কোর্সের তালিকা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে অপরচুনিটি সার্কেলের ওয়েবসাইটে।
