মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে ভাটিমভোগ বাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আলোকে পরিচালিত অভিযানে জব্দ করা জালগুলো ভবানীপুর বাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে অভিযানে জৈনসার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিফাত হাসান উপস্থিত ছিলেন।
মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চায়না দুয়ারি জালের মতো ক্ষতিকর জালে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিআলো/আমিনা