‘Resilience Starts at Home’—‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরের শিবচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শতবর্ষী ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া পরিচালনা করেন শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয় গ্রহণ, নিজেদের ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করে। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে তারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় প্রতিরোধ। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের যোগাযোগ নম্বর ও দুর্যোগবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
The post শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on Dhaka Protidin.
