দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি বছরে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। এ ছাড়া এ সময় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ জন আর ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা সিটির এবং দুজন ময়মনসিংহ সিটির বাসিন্দা। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৩১ জন, চট্টগ্রাম বিভাগের ২৯৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪৬ জন, খুলনা বিভাগের ২০৬ জন, ময়মনসিংহ বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ১৬২ জন, রংপুর বিভাগের ৪৪ জন এবং সিলেট বিভাগের আটজন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৮ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১২ হাজার ১১১ জন।
একই দিন হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকার বাসিন্দা। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত ১৯ জন ঢাকার ও ১০ জন রংপুরের। উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৩৮৬, সিলেটের ১২৫, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২১, ময়মনসিংহের ৬৫, বরিশালের ৯৪, খুলনার ৮১ এবং রংপুরের ৩০ জন রয়েছে। চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন।