রাজশাহীর দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে সাত হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের পুরোনো পানহাটা সংলগ্ন পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ট্রাকচালকের নাম মোঃ শামীম রেজা (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল হাটকানপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোপালপাড়া গ্রামে ট্রাকসহ দুজন মাদক কারবারির অবস্থানের কথা জানতে পেরে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ট্রাকের ড্রাইভার শামীম রেজাকে ধরে ফেলে। পরবর্তীতে ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৩৮টি জিপার প্যাকেটে থাকা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার সাবিনা ইয়াসমিন জানান, অভিযানকালে জনি আলী (২৮) নামের অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত শামীম ও পলাতক জনির বিরুদ্ধে দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
