স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয়রা পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তি গত কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানান ওসি।
