ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: গৃহায়ন প্রতিমন্ত্রী
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মঞ্জুর, এমপি।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বিশেষ সরকারি অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন। তাই প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগের সমান সুযোগ রয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পূজামণ্ডপ পরিচালনার দায়িত্বে থাকা নেতাদেরও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী এবং নিজের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে আহাম্মদ সোহেল মঞ্জুর বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কোথাও অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখা দিলে প্রশাসন কিংবা তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। বক্তব্য দেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদ্যাপন কমিটির নেতারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সব পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ সরকারি অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আতীকুল ইসলাম উজ্জ্বল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জমাদ্দারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
