বৈঠকে বসছে ইন্ডিয়া জোটছবি: ফেসবুক
Published on
:
1 min read
পুজো মিটতেই ফের কোমর বাঁধছে বিরোধীরা। আগামী দিনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন কোন পথে এগোবে? সেই রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা। সেখানে থাকার কথা রয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
পুজোর আগে SIR বাতিল ও ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামে বিরোধীরা। একদিকে ককরোচ জনতা পার্টি, অন্য দিকে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী ব্রিগেডের আক্রমণে উত্তাল হয়ে ওঠে রাজধানী। সেই সময়েই রাহুল বলেছিলেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’
তবে দুর্গাপুজো, নবরাত্রির মধ্যে আন্দোলনে কিছুটা ভাটা পড়ে। ককরোচ জনতা পার্টিও আন্দোলন স্থগিত রাখার কথা জানিয়েছিল। সব মিলিয়ে স্তিমিত হয়ে পড়ে আন্দোলন। এখন পুজো মিটতেই ফের পথে নামতে চায় বিরোধীরা। সেই রণকৌশল ঠিক করতেই এ দিন ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছে বিরোধীরা। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জোটের অন্য নেতারাও উপস্থিত থাকতে পারেন।
ইতিমধ্যেই আগামী ১ নভেম্বর ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধীরা। দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ইন্ডিয়া জোটের সাংসদদের। তার আগে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন তাঁরা। সেই নিয়েই মূলত এই দিন আলোচনা হবে বলে সূত্রের খবর।
এর আগে ১৩ অক্টোবর রাহুলের আমন্ত্রণে তাঁর বাড়িতে চা-চক্রে যোগ দিয়েছিলেন বিরোধী নেতা-নেত্রীরা। সেই বৈঠকেই ‘ভোটচুরির’ বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছে বিরোধী শিবির। কিন্তু আইনের পথে হাঁটার পাশাপাশি রাস্তাতেও আন্দোলন গড়ে তুলতে চাইছে বিরোধীরা।
