স্থানীয় বাসিন্দারা জানান, রোববার ভোরে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় তিনি বাড়ির পাশের রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন পুকুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর স্বামীর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। রোববার সকালে পরিবারের লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শনে যান। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
The post মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি appeared first on ভোরের চেতনা.
