বৈভব সূর্যবংশী।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
ভারতের (India) হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আট বলে মাত্র চার রান করে আউট হয় ১৫ বছরের এই ব্যাটার। তবে তার ব্যাটিংয়ের ব্যর্থতার পাশাপাশি দল পরিচালনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতের প্রাক্তন স্পিনার মুরলী কার্তিকের (Murali Kartik) মতে, বৈভবকে তিন নম্বরে নামিয়ে ভুল করেছে দল। তাকে নিজের স্বাভাবিক জায়গা, অর্থাৎ ওপেনিংয়ে খেলানো উচিত ছিল।
‘বৈভবকে ওপেন করানো উচিত ছিল’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটের কারণে ঈশান কিষানের অনুপস্থিতিতে দলে সুযোগ পায় বৈভব। কিন্তু ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম ওভারেই আউট হয়ে যায় সে। প্রথম ১০ ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ পর্যন্ত তিলক বর্মা, নমন ধীর ও নীতীশ কুমার রেড্ডির ব্যাটে জয় পায় দল। তিলক ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন। নমন করেন ১৭ বলে ৩১ রান। নীতীশ ১৩ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জেতান।
ম্যাচ জিতলেও বৈভবকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্ত মানতে পারেননি কার্তিক। তাঁর সাফ দাবি, ‘বৈভব সূর্যবংশী কোথায় ভালো খেলে? ওপেনার হিসেবে। ও মাঝের দিকে ব্যাট করেনি। ও এখনও ছোট, এত দিন এক ভাবেই ব্যাট করেছে। অভিজ্ঞ ক্রিকেটারদের দলে রাখার কারণই হলো, তাঁরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় খেলতে পারেন।’ তিনি আরও বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু বৈভবকে যদি খেলাতেই হয়, তা হলে ওকে ওপেন করতে পাঠানো উচিত ছিল।’
অভিজ্ঞদের দায়িত্ব নেওয়া উচিত, মত কার্তিকের
কার্তিকের মতে, বৈভবের মতো তরুণ প্রতিভাকে স্বাভাবিক জায়গায় খেলানোর জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের নিজেদের ব্যাটিংয়ের জায়গা বদলাতে প্রস্তুত থাকতে হবে। এই প্রসঙ্গে সঞ্জু স্যামসনের উদাহরণ দেন তিনি। তাঁর মতে, সঞ্জু দলের প্রয়োজনে অন্য জায়গায় ব্যাট করতে পারেন।
কার্তিক বলেন, ‘সঞ্জু স্যামসন তোমাদের নির্ভরযোগ্য ক্রিকেটার। ও অন্য জায়গাতেও ব্যাট করতে পারে। কেউ প্রশ্ন করতে পারেন, শুধু ওকেই কেন? কিন্তু তুমি যদি অভিজ্ঞ ক্রিকেটার হও, তা হলে এমন দায়িত্ব নিতেই হবে। বিশেষ করে যখন বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, বৈভবকে খেলানোর সিদ্ধান্ত না নিলে মাঝের সারিতে শিবম দুবেকে খেলানোর কথা ভাবা যেত। কার্তিকের আরও মনে করেন, ‘বৈভব যদি দ্বিতীয় টি-টোয়েন্টিতে না খেলত, তা হলে মাঝের দিকে ব্যাট করানোর জন্য শিবম দুবেকে খেলানো যেত।’