চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির বিয়েতে ১০ ভরি স্বর্ণ দেয়ার অভিযোগ তুলেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এবার সেই অভিযোগের প্রমাণ দিতে নোমানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন রনি। অভিযোগ প্রমাণ করতে পারলে ভিপির পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। অন্যথায় নোমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন চাকসু ভিপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ জানান ইব্রাহিম হোসেন রনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রনি বলেন, ‘চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আমি নাকি ১০ ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। তিনি আমার বিয়ের খরচের উৎস জানতে চেয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি যদি এটি প্রমাণ করতে পারেন, তাহলে আমি ভিপির পদ থেকে ইস্তফা দেব। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নানকে হুমকি দেয়ার অভিযোগও তোলেন চাকসু ভিপি।
রনি বলেন, ‘সোহরাওয়ার্দী হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নানকে বেআইনিভাবে সিট বরাদ্দের জন্য হুমকি দেন নোমান। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একজন শিক্ষকের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষোভে প্রভোস্ট পদত্যাগ করেন।’
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিলেও দেড় মাসেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে হল মসজিদের সংস্কারকাজে টেন্ডারবাজি, অবৈধভাবে আসন বরাদ্দের জন্য হল প্রভোস্টকে হুমকি এবং চাকসু ভিপিকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে নোমানের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ সংসদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গত ৬ অক্টোবর চাকসুর নির্বাহী সদস্য আকাশ দাসের শপথ গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির বিয়েতে ১০ ভরি স্বর্ণ দেয়ার অভিযোগ তোলেন আব্দুল্লাহ আল নোমান। একই সঙ্গে রনির বিয়ের খরচের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর জবাবেই এবার সংবাদ সম্মেলনে অভিযোগের প্রমাণ চেয়ে নোমানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন চাকসু ভিপি।
