কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে হয়রানি বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। পরে উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মাহাবুল হকসহ আরও অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগী মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করেছেন খলিলুর রহমান। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করেন। তবে বর্তমানে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে হয়রানি বন্ধে এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মোসলেম উদ্দিন।
অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি নিয়ে জালিয়াতি করে আসছেন। পাশাপাশি তাঁদের বিভিন্নভাবে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।
এ সময় জমি জালিয়াতির অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এমএ
