অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে জয়ের উল্লাসের অপেক্ষা করছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শেষ মুহূর্তে ক্যামেরুনের তরুণ ফরোয়ার্ড ইয়োহান মাবিদার এক চোখধাঁধানো বাইসাইকেল কিকে সেই অপেক্ষা পূর্ণতা পেল না। জয় হাতছাড়া হলো সাবেক চ্যাম্পিয়নদের।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে মোহামেডান।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে মোহামেডান। প্রথমার্ধে পিডব্লিউডির রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ালেও গোলের দেখা মেলেনি। একের পর এক আক্রমণ সাজিয়ে ছয়টি শট নিলেও প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন সান্তিয়াগো ভারেলার শিষ্যরা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি সাদা-কালো জার্সিধারীদের। ম্যাচের ৬১তম মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদের নিখুঁত লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। তার এই চমৎকার গোলে এগিয়ে গিয়ে জয়ের আশা দেখছিল সাদা-কালো শিবির।
তবে মোহামেডানের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পিডব্লিউডি। ম্যাচের ৭৬তম মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ এক ওভারহেড কিকে মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করে দলকে সমতায় ফেরান মাবিদা।
গোল হজম করে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। তবে প্রতিপক্ষের দুর্গ আর ভেদ করতে না পারেনি তারা। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশাতেই মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।
সংশ্লিষ্ট সংবাদ: মোহামেডান
০৬ মার্চ ২০২১
