
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে এটিই তাঁর প্রথম সফর বলে দলীয় সূত্রে জানা গেছে।
তাঁর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে তিনি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়, ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন এবং জেলা আমীর নির্বাচনের লক্ষে আয়োজিত রুকন সম্মেলনে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমীরকে অভ্যর্থনা জানানো হবে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান।
এরপর সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন। এতে জেলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধিদের পাশাপাশি দলের রুকন এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুরে জোহরের নামাজের পর জেলা সার্কিট হাউসে ১১-দলীয় জোটের মৌলভীবাজার জেলা পর্যায়ের নেতৃবৃন্দ জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
জামায়াত আমীরের সফরকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এ সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
