বাংলা সিরিজ এবার আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। নেটফ্লিক্সের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলা ভাষার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। এই চুক্তির আওতায় হইচইয়ের নির্বাচিত ১৪টি সিরিজ নেটফ্লিক্সে দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। পাশাপাশি আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পাওয়া নতুন সিরিজও নেটফ্লিক্সে যুক্ত হবে।
২৪ অক্টোবর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দুই প্রতিষ্ঠান। নেটফ্লিক্সে আসা ১৪টি সিরিজের তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন বাবু’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইনস’, ‘দাদি অ্যান্ড জগ্গার অভিযান’, ‘রাত আভি বাকি হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’, ‘শাদি কা সিয়াপ্পা’, ‘কুইন্স’, ‘পরিণীতা: আ লাভ স্টোরি’ ও ‘মহানগর’।
এসব সিরিজে রয়েছে অপরাধ, গোয়েন্দা রহস্য, ভৌতিক ঘটনা, সামাজিক সমস্যা, আদালত ও প্রেমের গল্প। ফলে বিভিন্ন ধরনের গল্প পছন্দ করেন, এমন দর্শকের জন্য থাকছে একাধিক আয়োজন।
চুক্তি অনুযায়ী, হইচইয়ের নতুন সিরিজগুলো বাংলা ভাষায় মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে। এই আয়োজনের প্রথম সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। লোককথাভিত্তিক ভৌতিক সিরিজটি মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। এতে অভিনয় করেছেন জিতু কমল, সোলাঙ্কি রায় ও পাওলি দাম। আগামী মাসগুলোতে আরও নতুন সিরিজ যুক্ত হবে।
এ ছাড়া হইচইয়ের নির্বাচিত কয়েকটি গল্প নিয়ে নতুন মৌলিক সিরিজ তৈরি করবে দুই প্রতিষ্ঠান। এসব সিরিজ নির্মাণ করবে হইচই স্টুডিওস। গল্পগুলো নতুনভাবে তুলে ধরতে যুক্ত হবেন নতুন নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিরা। তবে নতুন সিরিজগুলোর বিস্তারিত এখনো জানানো হয়নি।
এই চুক্তির ফলে হইচইয়ের বাংলা গল্প ভারতের বিভিন্ন ভাষার দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, নেটফ্লিক্সের দর্শকেরাও হইচইয়ের জনপ্রিয় ও নতুন গল্পগুলো নিজেদের ভাষায় দেখার সুযোগ পাবেন।
