আরামবাগ পুজো সমিতির দুর্গাপুজোEi Samay
Published on
:
1 min read
এই সময়, নয়াদিল্লি: থিম নাকি সাবেকিয়ানা? প্রতি বছর দুর্গার আরাধনায় এই দ্বন্দ্বে মেতে ওঠে সারা বাংলা। তবে রাজধানী দিল্লির অধিকাংশ বারোয়ারি পুজোর মণ্ডপে প্রাধান্য পায় নানা রকমের থিম৷ এই বছর ব্যতিক্রমী প্রচেষ্টার ধারক ও বাহক হিসেবে আলাদা জায়গা করে নিয়েছে রামকৃষ্ণ আশ্রম মার্গের আরামবাগ পুজো সমিতি৷ এই পুজোর মিডিয়া পার্টনার ‘এই সময়’। এই বছর তাদের ৩৮ বছরের দুর্গোত্সবের থিম—‘মুদ্রণের শক্তি কখনও ম্লান হয় না৷’
জীবনের জলছবি মুদ্রণ—এই চিরন্তন সত্যকে হাতিয়ার করে সারা বিশ্বে প্রভাব বিস্তার করা কৃত্তিম বুদ্ধিমত্তার দাপটের মধ্যেও কী ভাবে মুদ্রণশক্তি নিজস্বতাকে ধরে রেখেছে। প্রজন্মের পর প্রজন্মকে কী ভাবে একসূত্রে বেঁধে রাখছে—সেটাই তুলে ধরা হবে আরামবাগ পুজো সমিতির পুজোয়। এই পুজোর মণ্ডপে ঢুকলেই দেখা যাবে বাংলার মুদ্রণের জনক পঞ্চানন কর্মকারের জীবনী এবং ইতিহাস৷
এই পুজোয় বাংলা এবং বাঙালির মননের সঙ্গে জড়িত থাকা মুদ্রণ জগতের গত দুই শতাব্দীর ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে৷ এই পুজো সমিতির তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে সমিতির চেয়ারম্যান অভিজিত্ বসু বলেন, ‘আমাদের শ্রদ্ধার্ঘ মুদ্রণ জগতের প্রত্যেকের প্রতি৷ আমরা আশা রাখি আগামী প্রজন্ম মুদ্রণের শক্তিকে ধরে রাখতে আগ্রহী হবে৷’
