আজকাল ওয়েবডেস্ক: প্রতিমা বিসর্জনের পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার পরেই ট্র্যাক্টর-ট্রলিতে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভয়াবহ পরিণতি অনেকের। এখনও পর্যন্ত দু'জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জবলপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাত ১২টা নাগাদ ৫০ জন মিলে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্যে যাচ্ছিলেন। মাজাউলি থানার অন্তর্গত নারিলি পুকুরে প্রতিমা বিসর্জনের কথা ছিল।
বিসর্জনের পথেই প্রতিমা রাখা ট্র্যাক্টর-ট্রলিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই। ঘটনাস্থলে দু'জন প্রাণ হারান। মৃতেরা হলেন, ২২ বছরের বিকাশ রাজপুত ও ২৩ বছরের প্রিন্স চৌহান।
পুলিশ আরও জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ছ'জন। সকলকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। দুর্ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, পুলিশকে একাধিকবার ওই রাস্তার ওপরের বিদ্যুতের তার নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। কয়েকটি বিদ্যুতের তার অপেক্ষাকৃত অনেকটাই নীচে ছিল। সেই তারগুলিই ট্র্যাক্টর-ট্রলিতে আটকে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
