নারায়ণগঞ্জ নগরীতে ইজিবাইক প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঘন্টাব্যাপী এ অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথমে শিমরাইলে জড়ো। পরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এসে যান চলাচল বন্ধ করে দেন।
একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও বিভিন্ন প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।
ইজিবাইক চালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় তাঁদের অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে।
পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ এবং পুলিশের দায়ের করা মামলা ও জরিমানার বিষয়ে সমাধান চান তাঁরা। তাঁদের অভিযোগ, পুলিশ ইজিবাইকের বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করছে।
এদিকে অবরোধে আটকে পড়া যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক যাত্রী বলেন, “আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।” যাত্রীরা আরও বলেন,ইজিবাইক গুলোকে একটি নিয়মের মধ্যে আনা প্রয়োজন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক। তিনি ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেন চালকরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
