মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—এমপি শরফুদ্দিন সান্টু
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বামরাইল এইচ এম ইনস্টিটিউশনের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শরফুদ্দিন সান্টু বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুস্থ ও মেধাবী তরুণ-তরুণীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ী।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

