গোপালগঞ্জের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ভাইরাল ভিডিয়োEi Samay
Published on
:
2 min read
এই সময়: আওয়ামি লিগের নেতা-কর্মীদের দৃঢ় বিশ্বাস, তারেক রহমানের সরকার যতই কঠোর অবস্থান নিক, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে প্রতিদিনই দেশের সর্বত্র হাসিনাকে 'স্বাগত' জানিয়ে মিছিল-মিটিং করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলিগের নেতা-কর্মীরা।
পুলিশও এ দিকে আওয়ামি কর্মীদের মিছিল বন্ধে সদা তৎপর। দিন পনেরো ধরে ঢালাও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে প্রশাসন। কিন্তু গ্রেপ্তার-নির্যাতনের ভয় উড়িয়ে মাইকে মিছিলের নির্ঘণ্টও প্রচার চালাতে দেখা গিয়েছে বিভিন্ন অঞ্চলে। নওগাঁয়ে এমন প্রচার করতে গিয়ে শুক্রবার গ্রেপ্তার হয়েছে দুই ছাত্রলিগ কর্মী। শনিবার সন্ধ্যায় খাস ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলিগের ১৯ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পল্টন থানার পুলিশ। এ দিনই পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে গোপালগঞ্জে ছাত্রলিগ শুধু মিছিলই করেনি, উপরন্তু পুলিশের টহল দলের উপর চড়াও হয়ে তাদের এলাকাছাড়া করেছে। নওগাঁ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবারও উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইক প্রচার করা হয়েছে।
প্রবীণ এক সাংবাদিকের কথায়, 'চব্বিশের অগস্টে জঙ্গিবাদী শক্তি ও সেনাদের যৌথ চক্রান্তের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও মাত্র বছর খানেকের মধ্যেই শেখ হাসিনার জনপ্রিয়তা নিজের দলে ও দলের বাইরে ব্যাপক ভাবে বাড়তে শুরু করে। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তাও পাল্লা দিয়ে বাড়ছে। অবস্থা অনেকটা এমনই দাঁড়িয়েছে যে, সাধারণ মানুষ এখন শেখ হাসিনার জন্য যে কোনও ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত।'
গোপালগঞ্জে হাসিনাকে দেশে স্বাগত জানিয়ে মিছিল করেছেন ছাত্রলিগ ও যুবলিগের নেতা-কর্মীরা। পুলিশ মিছিল বন্ধ করতে এলে তাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে টহল পুলিশকে তাড়া করেন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। শনিবার সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা হাতে যুবলিগ ও ছাত্রলিগের নেতাকর্মীদের পুলিশকে তাড়া করতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিয়ো ('এই সময়' সত্যতা যাচাই করেনি) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন মিছিলে অংশ নেওয়া ছাত্রলিগের কয়েক জন নেতাকর্মীও।
