অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় বাধা ছিল ফিলিপাইন। কিন্তু সেই বাধা পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ফিলিপাইনকে আটকে রেখে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ৭৩ মিনিটে পিছিয়ে পড়ার পর ৯০ ও যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে ৩–০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
উজবেকিস্তানের তাসখন্দে আজকের এই হারেই শেষ হয়েছে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ফিলিপাইনের বিপক্ষে হারে তা আর ধরে রাখা গেল না। ফিলিপাইনের হয়ে জোড়া গোল করেছেন নোয়েল গ্রেঞ্জার। অন্য গোলটি মায়ারোজ বাসকারার।
গ্রুপের সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। উজবেকিস্তানকে হারানোর পর ৩ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল দল। ফিলিপাইনও প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সমান পয়েন্ট পেয়েছিল, তবে গোল ব্যবধানে এগিয়ে ছিল তারা। তাই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল জয়। অন্যদিকে ফিলিপাইনের জন্য ড্র–ও যথেষ্ট ছিল।
এই সমীকরণ সামনে রেখেই শুরু থেকেই সতর্ক থাকতে হয়েছিল বাংলাদেশকে। প্রতিপক্ষের আক্রমণ সামলে সুযোগ তৈরির চেষ্টা করেছে দল। প্রথমার্ধে সেই পরিকল্পনায় সফলও হয়েছিল মেয়েরা। ফিলিপাইনকে গোল করতে না দেওয়ায় বিরতিতে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তখনো বাংলাদেশের সামনে মূল পর্বে ওঠার আশা ছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে সেই আশার ওপর চাপ বাড়তে থাকে। ফিলিপাইন আক্রমণে গতি বাড়ায়, বাংলাদেশকে ব্যস্ত থাকতে হয় রক্ষণ সামলাতে। দীর্ঘ সময় গোলশূন্য রাখতে পারলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি দল। ৭৩ মিনিটে গোল করে ফিলিপাইনকে এগিয়ে দেন বাসকারা।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু গোলের দেখা মেলেনি। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল করেন দলটির ফরোয়ার্ড নোয়েল গ্রেঞ্জার।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বে জায়গা করে নিয়েছে ফিলিপাইন।
