প্রকাশিত: ১২:১০, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ১২:৪৬, ১৭ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
খুলনায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান দুই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনে কাটা পড়ে মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
