ইরান সরকারের পতন নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে জোরালো পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার দুই নেতার মধ্যে এ বিষয়ে বিশদ কথোপকথন হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে নেতানিয়াহু স্পষ্ট করে জানান, ইরানি শাসনের চূড়ান্ত অবসান ঘটাতে তারা উভয়ই গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে পূর্বে বহুবার কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক এই আলোচনাতেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিলোপ সাধনের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
এদিকে এই ফোনালাপের পরপরই সোমবার পূর্বঘোষণা ছাড়াই ইসরাইল সফরে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশটির দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির উভদা বিমানঘাঁটিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান বার্তা সংস্থা রয়টার্সকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্পিলম্যান জানান, নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং তা মোকাবেলায় যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ অংশীদারিত্বের বিষয়টি গুরুত্ব পায়। এই অঞ্চল থেকে যেকোনো হুমকি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক—উভয় উপায়েই সম্মিলিতভাবে নস্যাৎ করার কৌশল নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। তবে হেগসেথের এই গোপন সফর ও বৈঠকের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র: আল-জাজিরা