একের পর এক অভূতপূর্ব ঘটনার মধ্য দিয়ে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতি। আগামীতে আন্তর্জাতিক পাঠে অন্তর্ভূক্ত হতে পারে এমন একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে পারেন আপনিও। ঘটনাটি হচ্ছে- প্রথমবারের মত এক টেবিলে বিশ্বের তিন পরাশক্তি তথা- যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের ত্রিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে।
আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ত্রিপক্ষীয় সম্মেলন’ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রিপক্ষীয় এ সম্মেলনের আলোচ্য বিষয় হবে ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’। তিন বিশ্বনেতার বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার মূল লক্ষ্য নাও হতে পারে।
তবে, রোববার (১৮ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিওএসজি) প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিংয়ের সঙ্গে একটি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। আলোচনার মাধ্যমে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
ডব্লিওএসজি’র প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এ সম্মেলনের প্রস্তাব এসেছে। বিশেষ করে, রুশ ডিজেল কেনার বিষয়ে একটি চুক্তির ঘোষণা এবং শুক্রবার মস্কোর ওপর আরোপিত গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে ছাড় দিয়ে একটি আদেশে স্বাক্ষর করার পর দুই নেতার সম্পর্কের এই ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়েছে।
‘ত্রিপক্ষীয় সম্মেলন’ কেন গুরুত্বপূর্ণ?
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার মধ্যে এ ধরনের সম্মেলন হলে তা হবে নজিরবিহীন ঘটনা।
গত দুই বছর ধরে ট্রাম্প বলে আসছেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমাতে রাশিয়া ও চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে, ট্রাম্পের এ ধরনের উদ্যোগে এখন পর্যন্ত খুব একটা আগ্রহ দেখাননি পুতিন ও শি জিন পিং।
বিজ্ঞাপন
বৈঠক কোথায় হবে?
আগামী নভেম্বরের মাঝামাঝি চীনের শেনঝেন শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, গত জুলাই মাস থেকেই এ ধরনের একটি বৈঠক আয়োজনের ধারণা সামনে আনছে মস্কো। ট্রাম্পের সঙ্গে দুই দফা ফোনালাপেও বৈঠকের বিষয়টি তুলেছেন ভ্লাদিমির পুতিন। এর মধ্যে সর্বশেষ ফোনালাপটি হয়েছে গত সপ্তাহে। তবে, চীন সরকার এ ধরনের ত্রিপক্ষীয় সম্মেলন আয়োজনের বিষয়ে এখনো কিছু জানায়নি।
বিজ্ঞাপন
ট্রাম্প কী জানালেন?
সোমবার (১৯ অক্টোবর) ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে এ সম্মেলনে আলোচনা হতে পারে কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিন নেতার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান ট্রাম্প। তবে, সেখানে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।
ট্রাম্প বলেন, আমি এমন বৈঠক করতে রাজি আছি। তবে, এ বৈঠক ইউক্রেনের জন্য খুব একটা নয়; আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে বৈঠকটি করব।
কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
