এক বছর মেয়াদি কোর্সে আসনসংখ্যা ৩০টি, আবেদন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত
সংবাদ বিজ্ঞপ্তি · ২৪ অক্টোবর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর ২০২৬ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এ কোর্সে আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩০টি।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে সার্টিফিকেশনসহ এ কোর্স পরিচালিত হবে। এক বছর মেয়াদি কোর্সের কিডনী রোগের তাত্ত্বিক ও ব্যবহারিক কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। পাশাপাশি কিডনী রোগীদের ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোর্সের শিক্ষার মাধ্যম হবে ইংরেজি ও বাংলা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোর্সটি সম্পন্নকারীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে ডিপ্লোমা কোর্সের সনদ এবং ইংলিশ কোর্সের সনদ ব্র্যাক ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউট থেকে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
