মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী Eisamay.com
Published on
:
1 min read
এই সময়, শ্যামপুর: আগামী ডিসেম্বরের মধ্যে হাওড়ার শ্যামপুরে তৈরি হবে ১০০ বেডের হাসপাতাল। বুধবার দশমীর রাতে শ্যামপুরের বেলপুকুর কলেজ মাঠে পুজো মণ্ডপ পরিদর্শনে এসে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের প্রতিশ্রুতি মেনে খুব শিগগির বোয়ালিয়ার পাকা ব্রিজ তৈরি করা হবে বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে শ্যামপুরে ১৪ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সেখানে ১০০ শয্যার হাসপাতাল করা হবে। পাশাপাশি, সেখানে আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে পরিষেবা চালু হবে।’
মুখ্যমন্ত্রী জানান, সারা রাজ্যে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ মহিলা উপভোক্তা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৫৭ হাজার উপভোক্তা এই সুযোগ পেয়েছেন। শ্যামপুর বিধানসভা এলাকায় প্রায় ১ লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শ্যামপুর বিধানসভা এক নম্বরে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী বছরের ৮ মে-র মধ্যে রাজ্যের এক লক্ষ যুবক-যুবতীর চাকরির আশ্বাস দেন তিনি।
তাঁর দাবি, স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যাঁরা মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন, তাঁদেরকে আজ প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। দুর্গা প্রতিমাকে যাঁরা ভেঙেছিলেন, তাঁদেরকে মা দুর্গা ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছেন।’
