ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত নেওয়া হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন রুটে ট্রেনটি চলাচল করবে। এতে মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পেলেও যাত্রাবিরতি হারাচ্ছে সীতাকুণ্ডের কুমিরা স্টেশন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। ১০ মিনিট বিরতির পর দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
অন্যদিকে, ৭২২ নম্বর ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির।
নতুন রুটে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী ছাড়াও নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন। ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণির আসন থাকবে।
রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচে মোট ১ হাজার ৩৬৬টি আসন থাকবে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।
তবে ট্রেনের সংখ্যা বাড়লেও রেলপথের অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। তাদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন ও কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে এ পথে চলাচলকারী অন্য ট্রেনের সময়সূচিতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিল হওয়ায় কুমিরা স্টেশনের যাত্রীদের বিকল্প ট্রেন বা সড়কপথের পরিবহন ব্যবহার করতে হবে। নতুন রুট চালু হলে কক্সবাজারগামী যাত্রীদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়লেও কুমিরার যাত্রীদের জন্য কমবে ট্রেনসেবার সুবিধা।
The post মহানগর এক্সপ্রেস যাবে কক্সবাজারে appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
