সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক-কেন্দ্রিক সেবা নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম, জনপ্রশাসন সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গভর্ন্যান্স ইনোভেশন এবং জনবান্ধব সরকারি সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস বৈঠকে বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি, নীতিগত সংস্কার এবং নাগরিক-কেন্দ্রিক সেবা সম্প্রসারণে ইউএনডিপির ভূমিকা তুলে ধরেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এ সময় আরও জবাবদিহিমূলক, জনবান্ধব, তথ্য-প্রমাণভিত্তিক ও জনসাধারণের চাহিদার প্রতি সাড়া দিতে সক্ষম জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন এবং সরকারি সেবা সহজীকরণে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের অগ্রাধিকার ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে ইউএনডিপি। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার, গভর্ন্যান্স ইনোভেশন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য উন্নত সরকারি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব দেয় সংস্থাটি।
বৈঠকে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সংস্থাটির ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ (এসআইপিএস) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।
