সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচার ও কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ খানকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং নিহতের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ তহবিল ও রাষ্ট্রীয় কোষাগার থেকে নিহতের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার সমাবেশে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রাকিব।
বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি তিলক রায় টুলু ও আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও সদস্য কামাল উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ এবং সাংবাদিক শামীম আনোয়ার ও মোখলেছুর রহমান।
