কালবেলা · general
বগুড়ায় শিশু ইউসুফ হত্যায় মা গ্রেপ্তার
১৫/১০/২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে পাঁচ বছর বয়সী শিশু ইউসুফকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় মা রিনি বেগমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সোনাতলার বালুয়াহাটের একটি ধানক্ষেত থেকে শিশু ইউসুফের অর্ধগলিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু ইউসুফ উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে মায়ের সঙ্গে একটি ভাড়াবাসায় বসবাস করত। গত ১১ অক্টোবর বিকেলে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহতের বৈমাত্রেয় বাবা উজ্জ্বল হোসেন পরদিন ১২ অক্টোবর সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ১৪ অক্টোবর ভাড়াবাসার পাশের একটি ধানক্ষেত থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে নিয়োজিত উপ-পুলিশ পরিদর্শক মোবারক হোসেন জানান, এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শিশুটির মা রিনি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ১৫ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনাতলা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗