৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ টাকা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে মোট ২ কোটি ৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ক্যাপটিভ ও সিএনজি সংযোগ একই শ্রেণিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার বেশি জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
দুদকের সহকারী পরিচালক এনামুল হক জানান, গ্যাস খাতের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
